অধ্যায় ২: বায়ুমণ্ডল (Class 10 Geography Solutions)

Aakash
Aakash

WBBSE-র দশম শ্রেণীর ভূগোল বইয়ের দ্বিতীয় অধ্যায় 'বায়ুমণ্ডল'-এর সমস্ত গুরুত্বপূর্ণ বহুবিকল্পভিত্তিক (MCQ), অতি সংক্ষিপ্ত (SAQ) এবং রচনাধর্মী প্রশ্নোত্তর এখানে Madhyamik পরীক্ষার সাল উল্লেখ করে আলোচনা করা হলো।

Madhyamik বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ)

  1. ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তকে বলা হয় - Madhyamik 2025 (Sample)

    • (ক) টাইফুন
    • (খ) টর্নেডো
    • (গ) উইলি-উইলি
    • (ঘ) হ্যারিকেন
  2. অধঃক্ষেপণের একটি উদাহরণ হ'ল- Madhyamik 2025 (Sample)

    • (ক) শিশির
    • (খ) শ্লিট
    • (গ) কুয়াশা
    • (ঘ) ধোঁয়াশা
  3. বায়ুমন্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো- Madhyamik 2024

    • (ক) স্ট্র্যাটোস্ফিয়ার
    • (খ) মেসোস্ফিয়ার
    • (গ) ট্রপোস্ফিয়ার
    • (ঘ) আয়নোস্ফিয়ার
  4. বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয়, যখন Madhyamik 2024

    • (ক) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
    • (খ) উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়
    • (গ) উচ্চতা বৃদ্ধি বা হ্রাসে উষ্ণতা অপরিবর্তিত থাকে
    • (ঘ) অক্ষাংশের মান বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়
  5. সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো Madhyamik 2023

    • (ক) ১০১২.২ মিলিবার
    • (খ) ১০১৩.২ মিলিবার
    • (গ) ১০১৪.২ মিলিবার
    • (ঘ) ১০১৫.২ মিলিবার
  6. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে Madhyamik 2023

    • (ক) গ্রীষ্মকালে
    • (খ) বসন্তকালে
    • (গ) শীতকালে
    • (ঘ) সারাবছরব্যাপী
  7. বার্ষিক উষ্ণতার প্রসর সবচেয়ে কম থাকে- Madhyamik 2019

    • (ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
    • (খ) মৌসুমী জলবায়ু অঞ্চলে
    • (গ) ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
    • (ঘ) স্তেপ জলবায়ু অঞ্চলে
  8. ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে- Madhyamik 2019

    • (ক) চিনুক
    • (খ) সিরোক্কো
    • (গ) মিস্ট্রাল
    • (ঘ) বোরা
  9. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় নিম্নলিখিত স্তরে- Madhyamik 2018

    • (ক) আয়নোস্ফিয়ার
    • (খ) স্ট্র্যাটোস্ফিয়ার
    • (গ) মেসোস্ফিয়ার
    • (ঘ) এক্সোস্ফিয়ার
  10. মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়- Madhyamik 2018

    • (ক) সাইক্লোন
    • (খ) টুইস্টার
    • (গ) টাইফুন
    • (ঘ) হ্যারিকেন
  11. হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল- Madhyamik 2017

    • (ক) হাইড্রোজেন স্তর
    • (খ) হিলিয়াম স্তর
    • (গ) পারমাণবিক অক্সিজেন স্তর
    • (ঘ) আণবিক নাইট্রোজেন স্তর
  12. যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়- Madhyamik 2017

    • (ক) থার্মোমিটার
    • (খ) ব্যারোমিটার
    • (গ) হাইগ্রোমিটার
    • (ঘ) অ্যানিমোমিটার
  13. সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হল প্রায় Madhyamik 2015

    • (ক) 1003 মিলিবার
    • (খ) 1013 মিলিবার
    • (গ) 1030 মিলিবার

Madhyamik অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (SAQ)

শুদ্ধ/অশুদ্ধ

  1. উল্কাপিন্ড স্ট্রাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়। Madhyamik 2025 (Sample)

    উত্তর: অ (সঠিক উত্তর: মেসোস্ফিয়ার)।

  2. ভূপৃষ্ট সংলগ্ন বায়ুস্তর প্রধানতঃ উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে। Madhyamik 2025 (Sample)

    উত্তর: শু

  3. সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। Madhyamik 2024

    উত্তর: অ (সঠিক উত্তর: দিনের বেলায়)।

  4. আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। Madhyamik 2023

    উত্তর: শু

  5. চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। Madhyamik 2023

    উত্তর: অ (সঠিক উত্তর: উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢালে)।

  6. অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। Madhyamik 2019

    উত্তর: শু

  7. বায়ুর চাপ ফর্টিন ব্যারোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। Madhyamik 2018

    উত্তর: শু

  8. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। Madhyamik 2018

    উত্তর:

  9. ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। Madhyamik 2017

    উত্তর: শু

  10. ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। Madhyamik 2017

    উত্তর: অ (সঠিক উত্তর: শীতকালে)।

  11. বায়ুর উষ্ণতা বৃদ্ধি হলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়। Madhyamik 2015

    উত্তর: অ (সঠিক উত্তর: হ্রাস পায়)।

শূন্যস্থান পূরণ

  1. বায়ুর চাপ পরিমাপ করা হয় ________ যন্ত্রের সাহায্যে। Madhyamik 2025 (Sample)

    উত্তর: ব্যারোমিটার

  2. বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় ________ শক্তির প্রভাবে। Madhyamik 2024

    উত্তর: কোরিওলিস

  3. নিরক্ষীয় অঞ্চলে ________ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। Madhyamik 2024

    উত্তর: পরিচলন

  4. বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ________ যন্ত্রের সাহায্যে। Madhyamik 2023

    উত্তর: অ্যানিমোমিটার

  5. শীতকালে শিল্পাঞ্চলে জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণর সঙ্গে মিশে ________ তৈরি হয়। Madhyamik 2019

    উত্তর: ধোঁয়াশা

  6. বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ________ বলে। Madhyamik 2018

    উত্তর: বৈপরীত্য উষ্ণতা

  7. কোনো স্থানের উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বৎসরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ________ গোলার্ধে অবস্থিত। Madhyamik 2017

    উত্তর: দক্ষিণ

একটি বা দুটি শব্দে উত্তর

  1. যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কী? Madhyamik 2025 (Sample)

    উত্তর: সমবর্ষণ রেখা (Isohyet)।

  2. ক্যাটাবেটিক বায়ু কী? Madhyamik 2025 (Sample) (বহিরাগত)

    উত্তর: পার্বত্য উপত্যকায় रात्रीবেলা পর্বতের ঢাল দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হলে, সেই ভারী ও শীতল বায়ু পর্বতের ঢাল বেয়ে নীচের উপত্যকার দিকে নেমে আসে। এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে।

  3. বায়ুমন্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? Madhyamik 2024

    উত্তর: আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার।

  4. 'কার্যকারী সৌর বিকিরণ' বলতে কী বোঝো? Madhyamik 2024

    উত্তর: সূর্যের মোট বিকিরিত শক্তির ২০০ কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়, যা কার্যকরী সৌর বিকিরণ বা ইনসোলেশন (Insolation) নামে পরিচিত।

  5. 'আপেক্ষিক আর্দ্রতার' সংজ্ঞা দাও। Madhyamik 2024

    উত্তর: নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকে (শতাংশ হিসাবে) আপেক্ষিক আর্দ্রতা বলে।

  6. 'লু' কী? Madhyamik 2024 (বহিরাগত)

    উত্তর: গ্রীষ্মকালে উত্তর-পশ্চিম ভারতে দিনের বেলায় প্রবাহিত অত্যন্ত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে 'লু' বলে।

  7. সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো। Madhyamik 2023 & 2017

    উত্তর: ১০০%।

  8. নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝো? Madhyamik 2023

    উত্তর: প্রতি ঘনমিটার বায়ুতে মোট যত গ্রাম জলীয় বাষ্প থাকে, তাকে ওই বায়ুর নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বলে। এর একক গ্রাম/ঘনমিটার (gm/m³)।

  9. গর্জনশীল চল্লিশা কাকে বলে? Madhyamik 2023 (বহিরাগত)

    উত্তর: দক্ষিণ গোলার্ধে ৪০° থেকে ৫০° দক্ষিণ অক্ষাংশের মধ্যে পশ্চিমা বায়ু কোনো বাধা ছাড়াই প্রবল বেগে গর্জন করতে করতে বয়, তাই একে গর্জনশীল চল্লিশা বলে।

  10. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে সৃষ্ট ধূলিঝড়কে বলে Madhyamik 2022

    উত্তর: আঁধি।

  11. 'কালবৈশাখী' কী? Madhyamik 2022 (বহিরাগত)

    উত্তর: গ্রীষ্মকালের অপরাহ্ণে পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশে যে বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়বৃষ্টি হয়, তাকে কালবৈশাখী বলে।

  12. নাতিশীতোষ মণ্ডলে কোন্ ধরনের বৃষ্টিপাত দেখা যায়? Madhyamik 2019

    উত্তর: ঘূর্ণবাত বৃষ্টি বা সীমান্ত বৃষ্টি।

  13. বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য Madhyamik 2019

    উত্তর: ২.৪.১ ওজোন গ্যাসের প্রাধান্য - (৩) স্ট্র্যাটোস্ফিয়ার।

  14. বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? Madhyamik 2019

    উত্তর: বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা হ্রাসের পরিবর্তে যখন উষ্ণতা বৃদ্ধি পায়, সেই ঘটনাকে বৈপরীত্য উষ্ণতা বা উষ্ণতার বৈপরীত্য বলে। (যেমন: পার্বত্য উপত্যকায়)।

  15. আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল (ITCZ) কাকে বলে? Madhyamik 2019

    উত্তর: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু মিলিত হয়। এই অঞ্চলটিকে আন্তঃক্রান্তীয় সম্মিলন অঞ্চল বা Inter-Tropical Convergence Zone (ITCZ) বলে।

  16. বায়ুমণ্ডলের কোন্ স্তরে ঝড়ঝঞ্ঝা দেখা যায়? Madhyamik 2019 (দৃষ্টিহীন)

    উত্তর: ট্রপোস্ফিয়ার।

  17. অশ্বঅক্ষাংশ বলতে কি বোঝো? Madhyamik 2019 (বহিরাগত)

    উত্তর: কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়ে (২৫° - ৩৫° অক্ষাংশ) বায়ুর নিম্নমুখী গতির কারণে শান্ত ভাব বিরাজ করে। প্রাচীনকালে এই অঞ্চলে জাহাজগুলি আটকে পড়লে অশ্ব বা ঘোড়া সমুদ্রে ফেলে দেওয়া হতো, তাই এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে।

  18. বায়ুমণ্ডলের কোন্ স্তরে জেট বিমান যাতায়াত করে? Madhyamik 2018

    উত্তর: স্ট্র্যাটোস্ফিয়ার (কারণ এই স্তর শান্ত থাকে)।

  19. চিনুক কী? Madhyamik 2018

    উত্তর: 'চিনুক' একটি স্থানীয় বায়ু। এটি উত্তর আমেরিকার রকি পর্বতের পূর্ব ঢাল বেয়ে নীচের দিকে নামে এবং এর প্রভাবে উষ্ণতা হঠাৎ বৃদ্ধি পায় ও বরফ গলে যায়। তাই একে 'Snow Eater' বা 'তুষার ভক্ষক' বলে।

  20. জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। Madhyamik 2017

    ১. অবস্থান: এটি ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে (ট্রপোপজের কাছে) প্রবাহিত হয়।
    ২. গতিপথ: এটি পশ্চিম থেকে পূর্বে প্রবল বেগে সর্পিল আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়।

  21. ডোলড্রাম কী? Madhyamik 2017 (বহিরাগত)

    উত্তর: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে (০° - ৫° উত্তর ও দক্ষিণ) বায়ুর অনুভূমিক প্রবাহ প্রায় থাকে না, কেবলমাত্র পরিচলন স্রোত ঊর্ধ্বমুখী হয়। তাই এই অঞ্চলে একটি শান্ত ভাব বিরাজ করে, যাকে 'ডোলড্রাম' বা 'নিরক্ষীয় শান্ত বলয়' বলে।

  22. টীকা লেখো: ফেরেলের সূত্র Madhyamik 2015

    উত্তর: পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বামদিকে বেঁকে যায়। এটিই ফেরেলের সূত্র নামে পরিচিত।

Madhyamik রচনাধর্মী প্রশ্নাবলী

  1. অ্যালবেডোর সংজ্ঞা দাও। Madhyamik 2025 (Sample)

    অ্যালবেডো: সূর্য থেকে আগত মোট সৌরশক্তির যে পরিমাণ অংশ (প্রায় ৩৪%) মেঘপুঞ্জ, ধূলিকণা, হিমবাহ ইত্যাদি দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এবং পৃথিবীকে উত্তপ্ত করতে পারে না, তাকে পৃথিবীর অ্যালবেডো বলে।

  2. 'শিশিরাঙ্ক' বলতে কি বোঝা যায়? Madhyamik 2025 (Sample)

    শিশিরাঙ্ক: যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই উষ্ণতাকে ওই বায়ুর শিশিরাঙ্ক (Dew Point) বলে। এই উষ্ণতায় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ১০০% হয় এবং উষ্ণতা এর থেকে কমলে ঘনীভবন (যেমন - শিশির, কুয়াশা) শুরু হয়।

  3. আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে তিনটি প্রধান পার্থক্য উল্লেখ করো। Madhyamik 2025 (Sample)

    বিষয় আয়ন বায়ু পশ্চিমা বায়ু
    অবস্থান কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। (৫° - ২৫° অক্ষাংশ) কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। (৩৫° - ৬০° অক্ষাংশ)
    দিক উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়। উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে বয়।
    প্রকৃতি এটি অপেক্ষাকৃত উষ্ণ বায়ু এবং এর গতিবেগ তুলনামূলকভাবে কম ও নির্দিষ্ট। এটি অপেক্ষাকৃত শীতল বায়ু এবং এর গতিবেগ (বিশেষত দক্ষিণ গোলার্ধে) খুবই বেশি ও অনিয়মিত।
  4. পৃথিবীর নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। Madhyamik 2025 (Sample) & 2019

    ১. নিরক্ষীয় নিম্নচাপ বলয় (Equatorial Low Pressure Belt): (৫° উঃ - ৫° দঃ অক্ষাংশ)

    এটি একটি তাপজনিত (Thermally induced) বলয়।

    • অধিক উষ্ণতা: এই অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেওয়ায় উষ্ণতা খুব বেশি থাকে।
    • বায়ুর প্রসারণ ও আরোহণ: অধিক উষ্ণতার ফলে বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং সোজা উপরের দিকে উঠে যায় (পরিচলন স্রোত)।
    • নিম্নচাপ সৃষ্টি: বায়ু উপরে উঠে যাওয়ায় ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। (এই অঞ্চলে বায়ুর অনুভূমিক প্রবাহ না থাকায় 'নিরক্ষীয় শান্ত বলয়' বা 'ডোলড্রাম' সৃষ্টি হয়।)

    ২. মেরুদেশীয় উচ্চচাপ বলয় (Polar High Pressure Belt): (৮০° - ৯০° উঃ ও দঃ অক্ষাংশ)

    এটিও একটি তাপজনিত বলয়।

    • অত্যধিক শৈত্য: দুই মেরু অঞ্চলে সূর্যরশ্মি সারাবছর অত্যন্ত তির্যকভাবে পড়ায় এবং বছরের ৬ মাস প্রায় সূর্য দেখা না যাওয়ায় উষ্ণতা সারাবছর হিমাঙ্কের নীচে থাকে।
    • বায়ুর সংকোচন ও নিমজ্জন: এই প্রবল ঠাণ্ডায় বায়ু সংকুচিত, ভারী ও শীতল হয়ে পড়ে এবং ভূপৃষ্ঠে নেমে আসে (অধঃগমন)।
    • উচ্চচাপ সৃষ্টি: ভূপৃষ্ঠে শীতল ও ভারী বায়ুর এই নিমজ্জনের ফলে দুই মেরু অঞ্চলে উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে।

    (এই উত্তরের সাথে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির একটি চিত্র অঙ্কন করা বাঞ্ছনীয়।)

  5. ট্রপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Madhyamik 2025 (Sample)

    ট্রপোস্ফিয়ার (Troposphere):

    • অবস্থান: এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, যা ভূপৃষ্ঠ থেকে মেরু অঞ্চলে প্রায় ৮ কিমি এবং নিরক্ষীয় অঞ্চলে প্রায় ১৮ কিমি পর্যন্ত বিস্তৃত।
    • উষ্ণতার হ্রাস: এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে প্রতি কিলোমিটারে ৬.৪°C হারে উষ্ণতা হ্রাস পায় (ল্যাপ্স রেট)।
    • ক্ষুব্ধমণ্ডল: এই স্তরেই ধূলিকণা, জলীয় বাষ্প, মেঘ ইত্যাদি থাকায় আবহাওয়ার সমস্ত গোলযোগ (ঝড়, বৃষ্টি, বজ্রপাত) ঘটে। তাই একে 'ক্ষুব্ধমণ্ডল' বলে।
    • ঘনত্ব: বায়ুমণ্ডলের মোট ভরের প্রায় ৭৫% এই স্তরেই অবস্থিত।

    স্ট্র্যাটোস্ফিয়ার (Stratosphere):

    • অবস্থান: এটি ট্রপোপজের উপর থেকে ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
    • উষ্ণতার বৃদ্ধি: এই স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বাড়তে থাকে (বৈপরীত্য উষ্ণতা)।
    • শান্তমণ্ডল: এই স্তরে কোনো আবহাওয়ার গোলযোগ (ঝড়, বৃষ্টি) হয় না, তাই একে 'শান্তমণ্ডল' বলে। জেট বিমানগুলি এই স্তর দিয়েই চলাচল করে।
    • ওজোন স্তর: এই স্তরের মধ্যেই (২০-২৫ কিমি উঁচুতে) ওজোন গ্যাসের (O₃) একটি ঘন স্তর আছে, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগতকে রক্ষা করে।
  6. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। Madhyamik 2024

    বিষয় ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত
    বায়ুচাপ এর কেন্দ্রে নিম্নচাপ এবং বাইরে উচ্চচাপ থাকে। এর কেন্দ্রে উচ্চচাপ এবং বাইরে নিম্নচাপ থাকে।
    বায়ুপ্রবাহের দিক বায়ু বাইরে থেকে কেন্দ্রের দিকে (উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে) সর্পিল পথে ছুটে আসে। বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে (উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে) সর্পিল পথে বেরিয়ে যায়।
    আবহাওয়া এর প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ঝড়, বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। এর প্রভাবে আকাশ মেঘমুক্ত ও রৌদ্রোজ্জ্বল থাকে, শান্ত ও শুষ্ক আবহাওয়া বিরাজ করে।
  7. পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। Madhyamik 2024 & 2017

    বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর পরিবেশ ও জীবজগতের উপর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ ও ক্ষতিকারক প্রভাবগুলি দেখা যাচ্ছে:

    • ১. বরফের গলন ও সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি: পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে যাওয়ায় মেরু অঞ্চলের বরফ এবং পার্বত্য হিমবাহগুলি দ্রুত গলে যাচ্ছে। এই অতিরিক্ত জল সমুদ্রে এসে মেশায় সমুদ্রের জলতল বৃদ্ধি পাচ্ছে, যার ফলে মালদ্বীপ, সুন্দরবন-সহ বিভিন্ন উপকূলীয় নিম্নভূমি ও দ্বীপগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
    • ২. আবহাওয়ার চরমভাবাপন্নতা: বিশ্ব উষ্ণায়নের ফলে আবহাওয়ার স্বাভাবিক ধরন পরিবর্তিত হচ্ছে। কোথাও খরা, কোথাও বা অতিবর্ষণ ও বন্যার প্রকোপ বাড়ছে। ঘূর্ণবাতের সংখ্যা ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।
    • ৩. জীববৈচিত্র্যের বিনাশ: জলবায়ু পরিবর্তনের ফলে অনেক উদ্ভিদ ও প্রাণী তাদের স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে বা পরিবর্তিত পরিবেশের সাথে মানিয়ে নিতে না পেরে বিলুপ্ত হয়ে যাচ্ছে (যেমন - প্রবাল প্রাচীর)।
    • ৪. কৃষিকাজে ক্ষতি: অসময়ে বৃষ্টিপাত, খরা বা বন্যার ফলে বিশ্বজুড়ে কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং ফসলের উৎপাদন কমে যাচ্ছে।
  8. ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Madhyamik 2024

    ভূমধ্যসাগরের তীরবর্তী দেশগুলিতে (৩০° - ৪৫° অক্ষাংশ) এই জলবায়ু দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:

    • শীতকালীন বৃষ্টিপাত: এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, যা সাধারণত মাঝারি পরিমাণে (৫০-১০০ সেমি) ঘটে।
    • শুষ্ক গ্রীষ্মকাল: গ্রীষ্মকালে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে এবং আবহাওয়া শুষ্ক থাকে।
    • উষ্ণতার প্রকৃতি: গ্রীষ্মকাল বেশ উষ্ণ (২১° - ২৭°C) এবং শীতকাল মৃদু ও আরামদায়ক (৫° - ১০°C) হয়। বার্ষিক উষ্ণতার প্রসর কম থাকে।
    • ফলের চাষ: এই জলবায়ু আঙুর, জলপাই, লেবু, কমলালেবুর মতো রসালো ফল চাষের জন্য বিখ্যাত।
  9. বায়ুমন্ডলে উষ্ণতার তারতম্যের তিনটি প্রধান কারণ ব্যাখ্যা করো। Madhyamik 2023 & 2017 & 2015

    বায়ুমণ্ডলের তথা পৃথিবীর বিভিন্ন স্থানের উষ্ণতা ভিন্ন ভিন্ন হওয়ার প্রধান তিনটি কারণ হলো:

    ১. অক্ষাংশ: অক্ষাংশ উষ্ণতার প্রধান নিয়ন্ত্রক। নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি সারাবছর প্রায় লম্বভাবে পড়ে, তাই এই অঞ্চল উষ্ণতম। যত মেরুর দিকে যাওয়া যায়, সূর্যরশ্মি তত তির্যকভাবে পড়তে থাকে, ফলে উষ্ণতা ততই কমতে থাকে।

    ২. উচ্চতা: ট্রপোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব ও চাপ কমে যায় এবং বায়ু প্রসারিত হয়। এই কারণে প্রতি ১ কিমি (১০০০ মিটার) উচ্চতা বৃদ্ধিতে প্রায় ৬.৪°C হারে উষ্ণতা হ্রাস পায়। তাই সমতলভূমির চেয়ে পার্বত্য অঞ্চলের উষ্ণতা কম হয়।

    ৩. সমুদ্র থেকে দূরত্ব: জলের আপেক্ষিক তাপ মাটির চেয়ে বেশি হওয়ায় জলভাগ ধীরে ধীরে গরম হয় ও ধীরে ধীরে ঠান্ডা হয় (সমভাবাপন্ন)। অন্যদিকে, স্থলভাগ দ্রুত গরম হয় ও দ্রুত ঠান্ডা হয় (চরমভাবাপন্ন)। তাই সমুদ্রের নিকটবর্তী স্থানগুলির জলবায়ু সমভাবাপন্ন (উষ্ণতার প্রসর কম) এবং সমুদ্র থেকে দূরের স্থানগুলির জলবায়ু চরমভাবাপন্ন (উষ্ণতার প্রসর বেশি) হয়।

  10. শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। Madhyamik 2023 & 2019

    সংজ্ঞা: 'শৈল' কথার অর্থ পর্বত এবং 'উৎক্ষেপ' কথার অর্থ উপরে ওঠা। জলীয় বাষ্পপূর্ণ বায়ুপ্রবাহের পথে কোনো উঁচু পর্বত বা মালভূমি আড়াআড়িভাবে অবস্থান করলে, ওই বায়ু পর্বতে বাধা পেয়ে তার ঢাল বেয়ে উপরে উঠতে বাধ্য হয় এবং শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়, তাকে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত বলে।

    সৃষ্টির প্রক্রিয়া:

    • ১. প্রতিবাত ঢাল (Windward Side): জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের যে ঢালে বাধা পায়, তাকে প্রতিবাত ঢাল বলে। এই বায়ু প্রতিবাত ঢাল বেয়ে যত উপরে ওঠে, তত প্রসারিত, শীতল ও ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে এবং এই ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়।
    • ২. অনুবাত ঢাল (Leeward Side): ওই বায়ু যখন পর্বত অতিক্রম করে বিপরীত ঢালে (অনুবাত ঢাল) পৌঁছায়, তখন তাতে জলীয় বাষ্প প্রায় থাকে না। এছাড়া, বায়ু নীচের দিকে নামতে থাকায় উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে। ফলে এই ঢালে বৃষ্টিপাত খুব কম হয় বা একেবারেই হয় না। একে 'বৃষ্টিচ্ছায় অঞ্চল' (Rainshadow Region) বলে।

    উদাহরণ: ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে (প্রতিবাত ঢাল) বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে (অনুবাত ঢাল) কম বৃষ্টিপাত হওয়ায় সেখানে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে।

    (এই উত্তরের সাথে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ও বৃষ্টিচ্ছায় অঞ্চলের একটি চিত্র অঙ্কন করা বাঞ্ছনীয়।)

  11. উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রের ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। Madhyamik 2019

    একটি উষ্ণতা-বৃষ্টিপাত লেখচিত্রে (Climograph) ভূমধ্যসাগরীয় জলবায়ু চেনার তিনটি প্রধান উপায় হলো:

    • ১. বৃষ্টিপাতের ধরণ (প্রধান যুক্তি): বৃষ্টিপাত নির্দেশক স্তম্ভগুলি (Bar) প্রধানত শীতকালীন মাসগুলিতে (যেমন উত্তর গোলার্ধে নভেম্বর-ফেব্রুয়ারি) দেখা যাবে, এবং গ্রীষ্মকালীন মাসগুলি প্রায় বৃষ্টিহীন বা শুষ্ক থাকবে।
    • ২. উষ্ণতার ধরণ: উষ্ণতার রেখাটি (Line) গ্রীষ্মকালে সর্বোচ্চ (Average > 20°C) এবং শীতকালে সর্বনিম্ন (Average 5°C - 10°C) হবে, তবে উষ্ণতা সাধারণত হিমাঙ্কের নীচে নামবে না।
    • ৩. গোলার্ধ নির্ণয়: যদি লেখচিত্রের মধ্যভাগে (জুন-জুলাই) উষ্ণতা বেশি এবং শীতকালে (ডিসেম্বর-জানুয়ারি) কম হয়, তবে এটি উত্তর গোলার্ধের। যদি এর উল্টোটা হয়, তবে এটি দক্ষিণ গোলার্ধের।
  12. ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? Madhyamik 2018

    ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাসের প্রধান কারণগুলি হলো:

    • ১. তাপের উৎস: বায়ুমণ্ডল সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয় না। সূর্য থেকে আসা ক্ষুদ্র তরঙ্গের বিকিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। পরে সেই ভূপৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গের তাপ বিকিরিত হয়ে নীচের বায়ুস্তরকে প্রথমে উত্তপ্ত করে। তাই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর বেশি উষ্ণ থাকে।
    • ২. বায়ুর ঘনত্ব: ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর ঘনত্ব ও চাপ সবচেয়ে বেশি থাকে। এই ঘন বায়ু বেশি তাপ শোষণ ও ধারণ করতে পারে। যত উপরে ওঠা যায়, বায়ু তত হালকা ও পাতলা হতে থাকে, ফলে তার তাপ ধারণ ক্ষমতাও কমে যায়।
    • ৩. ধূলিকণার উপস্থিতি: বায়ুমণ্ডলের নীচের স্তরে ধূলিকণা, জলীয় বাষ্পের মতো তাপ শোষণকারী উপাদানগুলি বেশি থাকে। উপরের স্তরে এগুলি কম থাকায় তাপ শোষণের মাত্রাও কম হয়।
  13. পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। Madhyamik 2018

    ভূপৃষ্ঠের নির্দিষ্ট বায়ুচাপ বলয়গুলি থেকে সারা বছর ধরে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে প্রবাহিত বায়ুকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। এটি তিন প্রকার:

    ১. আয়ন বায়ু (Trade Wind): কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় (২৫° - ৩৫°) থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের (০° - ৫°) দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয়, তাকে আয়ন বায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে, এটি উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে পরিচিত।

    ২. পশ্চিমা বায়ু (Westerlies): কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় (২৫° - ৩৫°) থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের (৬০° - ৭০°) দিকে সারা বছর ধরে যে বায়ু প্রবাহিত হয়, তাকে পশ্চিমা বায়ু বলে। ফেরেলের সূত্র অনুসারে, এটি উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু এবং দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত।

    ৩. মেরু বায়ু (Polar Wind): মেরুদেশীয় উচ্চচাপ বলয় (৮০° - ৯০°) থেকে সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের (৬০° - ৭০°) দিকে সারা বছর ধরে যে শীতল ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়, তাকে মেরু বায়ু বলে। এটি উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে পরিচিত।

    (এই উত্তরের সাথে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহের চিত্র অঙ্কন করা বাঞ্ছনীয়।)

  14. ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Madhyamik 2018

    ভারত, বাংলাদেশ, পাকিস্তান, দক্ষিণ-পূর্ব এশিয়া ইত্যাদি অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:

    • ঋতু পরিবর্তন: এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তন। এখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত—এই চারটি ঋতু স্পষ্টভাবে বোঝা যায়।
    • বিপরীতমুখী বায়ুপ্রবাহ: ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুপ্রবাহের দিক সম্পূর্ণ বিপরীত হয়ে যায়। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে আর্দ্র বায়ু (মৌসুমি বায়ু) এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে শুষ্ক বায়ু প্রবাহিত হয়।
    • আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: গ্রীষ্মকালে সমুদ্র থেকে আসা দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় (গড় ১৫০-২০০ সেমি), তাই গ্রীষ্মকাল আর্দ্র। শীতকালে স্থলভাগ থেকে আসা উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে, তাই শীতকাল শুষ্ক থাকে।
    • উষ্ণতা: গ্রীষ্মকাল বেশ উষ্ণ (গড় ৩০° - ৩৫°C) এবং শীতকাল মৃদু (গড় ১৫° - ২০°C) হয়।
  15. সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো। Madhyamik 2017

    বিষয় সমুদ্রবায়ু স্থলবায়ু
    সময় দিনের বেলায় প্রবাহিত হয়। রাতের বেলায় প্রবাহিত হয়।
    কারণ দিনের বেলায় স্থলভাগ সমুদ্রের চেয়ে বেশি গরম হলে স্থলভাগে নিম্নচাপ ও সমুদ্রে উচ্চচাপ তৈরি হয়। রাতের বেলায় স্থলভাগ সমুদ্রের চেয়ে বেশি ঠান্ডা হলে স্থলভাগে উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়।
    প্রবাহের দিক সমুদ্র থেকে স্থলভাগের দিকে বয়। স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বয়।
    প্রকৃতি এই বায়ু আর্দ্র ও আরামদায়ক হয়। এই বায়ু সাধারণত শুষ্ক ও শীতল হয়।
  16. বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ার স্তরের অবস্থান এবং এর গুরুত্ব উল্লেখ করো। Madhyamik 2015

    অবস্থান: বায়ুমণ্ডলে ট্রপোপজের ঠিক উপর থেকে (প্রায় ১৮ কিমি) ভূপৃষ্ঠের প্রায় ৫০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার।

    গুরুত্ব:

    • ১. শান্তমণ্ডল: এই স্তরে জলীয় বাষ্প, মেঘ, ধূলিকণা না থাকায় কোনো আবহাওয়ার গোলযোগ (ঝড়, বৃষ্টি) ঘটে না। তাই এই স্তরকে 'শান্তমণ্ডল' বলে।
    • ২. বিমান চলাচল: আবহাওয়া শান্ত থাকার কারণে জেট বিমানগুলি এই স্তর দিয়েই নির্বিঘ্নে চলাচল করে।
    • ৩. ওজোন স্তরের উপস্থিতি: এই স্তরের মধ্যেই ওজোন গ্যাসের (O₃) একটি পুরু স্তর (ওজোনোস্ফিয়ার) আছে, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি (UV-Ray) শোষণ করে পৃথিবীর জীবজগতকে রক্ষা করে।
  17. বায়ুচাপ কক্ষ কি? Madhyamik 2015

    বায়ুচাপ কক্ষ: পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি সূর্যের বার্ষিক আপাত গতির (উত্তরায়ণ ও দক্ষিণায়ন) সাথে সাথে বছরে দুবার প্রায় ৫° থেকে ১০° অক্ষাংশ উত্তর ও দক্ষিণে স্থান পরিবর্তন করে বা ওঠানামা করে। বায়ুচাপ বলয়গুলির এই স্থান পরিবর্তনকে 'বায়ুচাপ কক্ষ' বা 'Pressure Cells' -এর স্থানান্তর বলে। এর ফলেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রীষ্মে শুষ্ক আয়ন বায়ু এবং শীতে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।