অধ্যায় ৫: ভারত (পরিচয় ও প্রাকৃতিক পরিবেশ) (Class 10 Geography Solutions)

Aakash
Aakash

WBBSE-র দশম শ্রেণীর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় 'ভারত (পরিচয় ও প্রাকৃতিক পরিবেশ)'-এর সমস্ত গুরুত্বপূর্ণ বহুবিকল্পভিত্তিক (MCQ), অতি সংক্ষিপ্ত (SAQ) এবং রচনাধর্মী প্রশ্নোত্তর এখানে Madhyamik পরীক্ষার সাল উল্লেখ করে আলোচনা করা হলো।

Madhyamik বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ)

  1. হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হ'ল - Madhyamik 2025 (Sample)

    • (ক) মেহগিনি
    • (খ) অর্জুন
    • (গ) শাল
    • (ঘ) পাইন
  2. আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্র শাসিত অঞ্চল - Madhyamik 2025 (Sample)

    • (ক) লাদাখ
    • (খ) দিল্লি
    • (গ) লাক্ষাদ্বীপ
    • (ঘ) পুদুচেরী
  3. দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহ ________ নামে পরিচিত। Madhyamik 2025 (Sample)

    • (ক) গোদাবরী
    • (খ) ব্রহ্মপুত্র
    • (গ) তিস্তা
    • (ঘ) সিন্ধু
  4. ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো- Madhyamik 2024 & 2018

    • (ক) ডাল হ্রদ
    • (খ) নৈনিতাল
    • (গ) উলার হ্রদ
    • (ঘ) প্যাংগং হ্রদ
  5. ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো- Madhyamik 2024

    • (ক) শিলং মালভূমি
    • (খ) হিমালয়ের পাদদেশ অঞ্চল
    • (গ) পূর্বঘাট পর্বতের পূর্ব ঢাল
    • (ঘ) ছোটোনাগপুর মালভূমি
  6. ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো- Madhyamik 2024

    • (ক) লোহিত মৃত্তিকা
    • (খ) পলি মৃত্তিকা
    • (গ) কৃষ্ণ মৃত্তিকা
    • (ঘ) ল্যাটেরাইট মৃত্তিকা
  7. বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো Madhyamik 2023

    • (ক) ৩০ টি
    • (খ) ২৯ টি
    • (গ) ২৮ টি
    • (ঘ) ২৭ টি
  8. ভারতের সর্বোচ্চ মালভূমি হলো Madhyamik 2023

    • (ক) মালবের মালভূমি
    • (খ) মেঘালয় মালভূমি
    • (গ) তেলেঙ্গানা মালভূমি
    • (ঘ) লাডাক মালভূমি
  9. গঙ্গানদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত Madhyamik 2023

    • (ক) কানপুর
    • (খ) এলাহাবাদ (প্রয়াগরাজ)
    • (গ) দেবপ্রয়াগ
    • (ঘ) বারাণসী
  10. পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো Madhyamik 2023

    • (ক) জম্মু ও কাশ্মীর
    • (খ) তামিলনাড়ু
    • (গ) কেরল
    • (ঘ) মেঘালয়
  11. কেন্দ্রশাসিত অঞ্চল লাডাককে পৃথক করা হয়েছে Madhyamik 2022

    • (ক) তেলেঙ্গানা
    • (খ) জম্মু ও কাশ্মীর
    • (গ) উত্তরাখণ্ড
    • (ঘ) ঝাড়খণ্ড
  12. শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে Madhyamik 2022

    • (ক) ভাবর
    • (খ) খাদার
    • (গ) কারেওয়া
    • (ঘ) দুন
  13. ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হ'ল Madhyamik 2022 & 2019

    • (ক) হিরাকুঁদ
    • (খ) ভাকরা-নাঙ্গাল
    • (গ) নাগার্জুন সাগর
    • (ঘ) রাণাপ্রতাপ সাগর
  14. 'মৌসুমি বিষ্ফোরণ' প্রথমে দেখা যায় Madhyamik 2022

    • (ক) কেরলে
    • (খ) কর্ণাটকে
    • (গ) মেঘালয়ে
    • (ঘ) পশ্চিমবঙ্গে
  15. যে অঞ্চলে 'চন্দন' গাছ জন্মায় তা হ'ল Madhyamik 2022

    • (ক) ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ
    • (খ) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ
    • (গ) ক্রান্তীয় মরু উদ্ভিদ
    • (ঘ) সরলবর্গীয় উদ্ভিদ
  16. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল- Madhyamik 2019

    • (ক) ভাষা
    • (খ) ভূপ্রকৃতিগত সাদৃশ্য
    • (গ) খাদ্যের সাদৃশ্য
    • (ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য
  17. গঙ্গা নদীর উৎস হল- Madhyamik 2019

    • (ক) যমুনেত্রী হিমবাহ
    • (খ) জেমু হিমবাহ
    • (গ) সিয়াচেন হিমবাহ
    • (ঘ) গঙ্গোত্রী হিমবাহ
  18. নিম্নলিখিত রাজ্য ভেঙ্গে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়- Madhyamik 2018

    • (ক) মধ্যপ্রদেশ
    • (খ) অন্ধ্রপ্রদেশ
    • (গ) বিহার
    • (ঘ) উত্তরপ্রদেশ
  19. শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে, তাকে বলে- Madhyamik 2018

    • (ক) খাদার
    • (খ) ভাঙ্গর
    • (গ) ভাবর
    • (ঘ) বেট
  20. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় নিম্নলিখিত অঞ্চলে- Madhyamik 2018

    • (ক) গাঙ্গেয় সমভূমি
    • (খ) পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে
    • (গ) সুন্দরবন
    • (ঘ) মরু অঞ্চল
  21. ভারতের নবীনতম রাজ্যটি হল- Madhyamik 2017

    • (ক) উত্তরাখণ্ড
    • (খ) তেলেঙ্গানা
    • (গ) ছত্তিশগড়
    • (ঘ) গোয়া
  22. উত্তর-পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হল- Madhyamik 2017 & 2022

    • (ক) কালবৈশাখী
    • (খ) আঁধি
    • (গ) পশ্চিমী ঝঞ্ঝা
    • (ঘ) লু
  23. ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হল- Madhyamik 2017

    • (ক) জলসেচ
    • (খ) ঝুমচাষ
    • (গ) ফালিচাষ
    • (ঘ) পশুচারণ
  24. একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ হল- Madhyamik 2015

    • (ক) সিন্ধুনদীর উপত্যকা
    • (খ) গোদাবরী নদীর উপত্যকা
    • (গ) নর্মদা নদীর উপত্যকা

Madhyamik অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (SAQ)

শুদ্ধ/অশুদ্ধ

  1. হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত। Madhyamik 2025 (Sample)

    উত্তর: অ (এটি ভাবর নামে পরিচিত। 'বেট' পাঞ্জাবের নবীন পলিভূমি)।

  2. হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা। Madhyamik 2024

    উত্তর: অ (এগুলি ম্যানগ্রোভ উদ্ভিদ)।

  3. গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। Madhyamik 2024

    উত্তর: অ (নর্মদা ও তাপ্তী নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত)।

  4. ভারতে বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল। Madhyamik 2023

    উত্তর: অ (সঠিক উত্তর: তামিলনাড়ু)।

  5. শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। Madhyamik 2022

    উত্তর: অ (এটি পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, সীমানা সংযুক্ত নয়)।

  6. ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। Madhyamik 2022

    উত্তর: অ (এটি ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত)।

  7. লোকটাক ভারতের বৃহত্তম উপহ্রদ। Madhyamik 2022

    উত্তর: অ (ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা)।

  8. দেরাদুনে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত। Madhyamik 2022 & 2018

    উত্তর: শু

  9. ভারতের সর্বোচ্চ মালভূমি হল ডেকান ট্র্যাপ। Madhyamik 2019

    উত্তর: অ (সঠিক উত্তর: লাডাক মালভূমি)।

  10. গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গর বলে। Madhyamik 2019

    উত্তর: শু

  11. বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়। Madhyamik 2018

    উত্তর: অ (এই অঞ্চলগুলিতে প্রধানত ক্রান্তীয় পর্ণমোচী বনভূমি দেখা যায়)।

  12. ভারতে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন। Madhyamik 2015

    উত্তর: অ (গডউইন অস্টিন বা K2 কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং POK-তে অবস্থিত। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা)।

শূন্যস্থান পূরণ

  1. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ________ নামে পরিচিত। Madhyamik 2025 (Sample) & 2022

    উত্তর: আঁধি

  2. মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ________ বলে। Madhyamik 2023

    উত্তর: কয়াল

  3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হ'ল ________। Madhyamik 2022

    উত্তর: আনাইমুদি

  4. অরুণাচল প্রদেশে ব্রহ্মাপুত্র ________ নামে পরিচিত। Madhyamik 2022

    উত্তর: দিহং

  5. ________ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। Madhyamik 2022

    উত্তর: লবণাক্ত

  6. ক্রান্তীয় পূবালী জেট বায়ু ________ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। Madhyamik 2019

    উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমী

  7. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ________। Madhyamik 2019

    উত্তর: কন্যাকুমারী (দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট)

  8. মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ ________। Madhyamik 2018

    উত্তর: শিলং

  9. দেবপ্রয়াগে ভাগীরথী ও ________ নদীর মিলনে গঙ্গানদীর সৃষ্টি হয়েছে। Madhyamik 2017

    উত্তর: অলকানন্দা

একটি বা দুটি শব্দে উত্তর

  1. কাশ্মীরে প্রবাহিত বিতস্তা (ঝিলম) নদী, কোন নদীর উপনদী? Madhyamik 2025 (Sample)

    উত্তর: সিন্ধু নদের (বা চন্দ্রভাগা/Chenab নদীর মাধ্যমে সিন্ধুতে)।

  2. ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরণের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায়? Madhyamik 2025 (Sample) & 2018

    উত্তর: ঝুম চাষ (বা স্থানান্তর কৃষি)।

  3. 'কচ্ছের রণ' কী? Madhyamik 2025 (Sample) & 2022

    উত্তর: গুজরাটের কচ্ছ উপদ্বীপের উত্তর ও পূর্ব দিকে অবস্থিত লবণাক্ত, অগভীর, কর্দমাক্ত জলাভূমিকে কচ্ছের রণ বলে। এটি ভারতের বৃহত্তম লোনা জলাভূমি।

  4. কৃষি বনসৃজনের সংজ্ঞা দাও। Madhyamik 2025 (Sample) & 2022

    উত্তর: একই জমিতে কৃষিকাজের সাথে সাথে বা কৃষিজমির সীমানায় (আঁলে) গাছ লাগানো, পশুখাদ্য উৎপাদন বা পশু পালনের সমন্বিত পদ্ধতিকে কৃষি বনসৃজন বলে।

  5. ভারতের উচ্চতম মালভূমির নাম লেখো। Madhyamik 2025 (Sample) (বহিরাগত)

    উত্তর: লাডাক মালভূমি।

  6. কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। Madhyamik 2024

    উত্তর: মালনাদ (পশ্চিমের পাহাড়ি অংশ) এবং ময়দান (পূর্বের সমতল অংশ)।

  7. কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে ২০২০ খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্থ হয়েছে? Madhyamik 2024

    উত্তর: আমফান (Amphan)।

  8. শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? Madhyamik 2024

    উত্তর: লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্যের (যেমন - সুন্দরী)।

  9. 'কয়াল' বলতে কী বোঝো? Madhyamik 2024

    উত্তর: কেরলের মালাবার উপকূলে সমুদ্রের জল আবদ্ধ হয়ে যে অসংখ্য উপহ্রদ বা লেগুন সৃষ্টি হয়েছে, তাদের স্থানীয় ভাষায় 'কয়াল' বলে (যেমন: ভেম্বানাদ)।

  10. কোন দুইটি নদী মিলিত হয়ে গঙ্গানদীর সৃষ্টি করেছে? Madhyamik 2024

    উত্তর: ভাগীরথী ও অলকানন্দা (দেবপ্রয়াগে)।

  11. সুন্দরবনের দুটি দ্বীপের নাম লেখো। Madhyamik 2024 (বহিরাগত)

    উত্তর: সাগরদ্বীপ, লোহাচরা, ঘোরামারা, নিউ মুর ইত্যাদি।

  12. রাজস্থানের একটি হ্রদের নাম লেখো। Madhyamik 2024 (বহিরাগত)

    উত্তর: সম্বর (লবণাক্ত), পুষ্কর, ধেবর ইত্যাদি।

  13. ভারতের কোন্ অরন্যে সুন্দরী গাছ জন্মায়? Madhyamik 2024 (বহিরাগত)

    উত্তর: সুন্দরবন (ম্যানগ্রোভ অরণ্য)।

  14. গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? Madhyamik 2023

    উত্তর: খাদার।

  15. 'মরুস্থলী' বলতে কী বোঝো? Madhyamik 2023

    উত্তর: 'মরুস্থলী' কথার অর্থ 'মৃতের দেশ'। রাজস্থানের থর মরুভূমির যে অংশটি বালুকাময় (বালিয়াড়ি যুক্ত), উদ্ভিদহীন এবং প্রায় জনশূন্য, তাকে মরুস্থলী বলে।

  16. সামাজিক বনসৃজনের দুটি সুবিধা উল্লেখ করো। Madhyamik 2023 & 2017

    উত্তর: ১) পরিবেশের ভারসাম্য রক্ষা করা ও মাটির ক্ষয় রোধ করা। ২) গ্রামীণ মানুষের জ্বালানি কাঠ, পশুখাদ্য ও ফলের চাহিদা মেটানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

  17. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কি ছিল? Madhyamik 2023 (বহিরাগত) & 2022

    উত্তর: ভাষা (১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী)।

  18. পশ্চিম হিমালয়ের 'তাল' কী? Madhyamik 2022

    উত্তর: পশ্চিম হিমালয়ের কুমায়ুন অঞ্চলে অবস্থিত হ্রদগুলিকে স্থানীয় ভাষায় 'তাল' বলে (যেমন - নৈনিতাল, ভীমতাল)।

  19. ভারতের কোন্ রাজ্যে গঙ্গানদীর নিম্নগতি দেখা যায়? Madhyamik 2022

    উত্তর: পশ্চিমবঙ্গ ( মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত)।

  20. পার্বত্য ঢালে ভূমিক্ষয় রোধের একটি কৃষি-পদ্ধতির নাম লেখো। Madhyamik 2022

    উত্তর: ধাপ চাষ (Terrace Cultivation) বা ফালি চাষ (Strip Cultivation)।

  21. 'ময়দান' বলতে কি বোঝো? Madhyamik 2022

    উত্তর: কর্ণাটক মালভূমির পূর্ব দিকে অবস্থিত অপেক্ষাকৃত কম উঁচু ও সমতলপ্রায় ভূভাগকে 'ময়দান' বলে।

  22. 'পশ্চিমী ঝঞ্ঝা'র সংজ্ঞা দাও। Madhyamik 2022

    উত্তর: শীতকালে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে ভারতের উত্তর-পশ্চিম অংশে (পাঞ্জাব, হরিয়ানা, জম্মু-কাশ্মীর) যে হালকা বৃষ্টিপাত ও তুষারপাত হয়, তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে।

  23. ধাপ চাষের সংজ্ঞা দাও। Madhyamik 2022

    উত্তর: পাহাড়ি বা পার্বত্য অঞ্চলে মাটির ক্ষয় রোধ করার জন্য পাহাড়ের ঢালকে সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে যে কৃষি জমি তৈরি করা হয়, তাকে ধাপ চাষ বলে।

  24. ভারতের একটি শীতল মরুভূমির নাম লেখো। Madhyamik 2022 (দৃষ্টিহীন)

    উত্তর: লাডাক।

  25. কোন্ নদীর উপর ডিভিসি (DVC) পরিকল্পনা গড়ে তোলা হয়েছে? Madhyamik 2022 (দৃষ্টিহীন)

    উত্তর: দামোদর নদী।

  26. ভারতের সরলবর্গীয় অরণ্যের একটি উদ্ভিদের নাম করো। Madhyamik 2022 (দৃষ্টিহীন)

    উত্তর: পাইন, ফার, সিডার, স্প্রুস, দেওদার।

  27. উত্তর-পূর্ব ভারতের একটি মালভূমির নাম লেখো। Madhyamik 2022 (বহিরাগত)

    উত্তর: মেঘালয় মালভূমি (বা শিলং মালভূমি)।

  28. ভারতে 'বর্গার' কোথায় অবস্থিত? Madhyamik 2022 (বহিরাগত)

    উত্তর: রাজস্থানের মরু অঞ্চলের অর্ধ-শুষ্ক, ঘাসযুক্ত সমভূমিকে 'বাগার' বলে (এটি মরুস্থলী ও আরাবল্লীর মাঝে অবস্থিত)।

  29. গঙ্গার একটি শাখানদীর নাম লেখো। Madhyamik 2022 (বহিরাগত)

    উত্তর: পদ্মা, ভাগীরথী-হুগলি।

  30. সুন্দরবনের কোন্ দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? Madhyamik 2019

    উত্তর: নিউ মুর বা পূর্বাশা দ্বীপ (এবং লোহাচরা দ্বীপ)।

  31. ভারতের মরু অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? Madhyamik 2019

    উত্তর: জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ (যেমন: ক্যাকটাস, ফণীমনসা, বাবলা)।

  32. ভারতের কোন্ রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? Madhyamik 2019 & 2024

    উত্তর: তামিলনাড়ু।

  33. মালনাদ অঞ্চল কোথায় অবস্থিত? Madhyamik 2019

    উত্তর: কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে অবস্থিত পাহাড়ি, ঢেউখেলানো ও ব্যবচ্ছিন্ন ভূভাগকে 'মালনাদ' বলে (এর অর্থ 'পাহাড়ি দেশ')।

  34. ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো। Madhyamik 2019

    উত্তর: পশ্চিমঘাট পর্বতমালা এবং বিন্ধ্য পর্বত (বা হিমালয় পর্বত)।

  35. ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম উপহ্রদ কোনটি? Madhyamik 2019 (দৃষ্টিহীন)

    উত্তর: চিল্কা (ওড়িশা)।

  36. পাঞ্জাব সমভূমিতে প্রবাহিত সিন্ধুর একটি উপনদীর নাম লেখো। Madhyamik 2019 (দৃষ্টিহীন)

    উত্তর: শতদ্রু (Sutlej), বিপাশা, ইরাবতী।

  37. ভারতে কোন্ মাসে কালবৈশাখী দেখা যায়? Madhyamik 2019 (দৃষ্টিহীন)

    উত্তর: বৈশাখ মাসে (এপ্রিল-মে)।

  38. ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। Madhyamik 2019 (দৃষ্টিহীন)

    উত্তর: পশ্চিমবঙ্গ (বীরভূম), কর্ণাটক, মেঘালয়।

  39. ভারতের লবণাক্ত মৃত্তিকায় কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? Madhyamik 2019 (দৃষ্টিহীন) & 2022

    উত্তর: লবণাম্বু উদ্ভিদ বা ম্যানগ্রোভ অরণ্য (হ্যালোফাইট)।

  40. দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্‌ন্টি? Madhyamik 2019 (দৃষ্টিহীন) & 2017 & 2022

    উত্তর: আনাইমুদি।

  41. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কী? Madhyamik 2018

    উত্তর: গোদাবরী।

  42. ভারতের কোন্ অরণ্যে সিংহ পাওয়া যায়? Madhyamik 2018

    উত্তর: গুজরাটের গির অরণ্যে।

  43. ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। Madhyamik 2018 & 2022

    উত্তর: দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC)।

  44. কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো। Madhyamik 2018

    উত্তর: মালনাদ (পাহাড়ি অংশ) ও ময়দান (সমতল অংশ)।

  45. বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কি কি? Madhyamik 2018

    উত্তর: ১) শুষ্ক ঋতুতে বা খরাপ্রবণ অঞ্চলে জলের চাহিদা মেটানো। ২) ভূগর্ভস্থ জলের ভাণ্ডার বৃদ্ধি করা এবং পানীয় জলের জোগান দেওয়া।

  46. ধাপ চাষের গুরুত্ব কি? Madhyamik 2018

    উত্তর: পার্বত্য ঢালে ধাপ চাষের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা যায়, জলপ্রবাহের গতি কমানো যায় এবং ভূমিক্ষয় সত্ত্বেও কৃষিকাজ করা সম্ভব হয়।

  47. যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো। Madhyamik 2017

    উত্তর: জলবিভাজিকা (Water Divide)।

  48. ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? Madhyamik 2017

    উত্তর: খারদুং লা (লাদাখ)। (তবে বর্তমানে উমলিং লা সর্বোচ্চ যানবাহনযোগ্য গিরিপথ)।

  49. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? Madhyamik 2017

    উত্তর: সুন্দরবন (গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপে)।

  50. ভারতের কোন্ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? Madhyamik 2017 & 2024

    উত্তর: কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা।

  51. মৌসুমি বিস্ফোরণের সংজ্ঞা দাও। Madhyamik 2017

    উত্তর: গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে (জুন মাসের প্রথম দিকে) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে এবং কেরলের মালাবার উপকূলে প্রবল বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘটনাকে 'মৌসুমী বিস্ফোরণ' (Burst of Monsoon) বলে।

  52. ভারতের বৃহত্তম নদী-দ্বীপের নাম কি? Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: মাজুলি (ব্রহ্মপুত্র নদের উপর, আসামে)।

  53. নর্মদা নদীর উৎস উল্লেখ করো। Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ (মধ্যপ্রদেশ)।

  54. পার্বত্য মৃত্তিকা দেখা যায় এমন একটি রাজ্যের নাম লেখো। Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড।

  55. কচ্ছ অঞ্চলে কোন্ ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: লবণাম্বু উদ্ভিদ (ম্যানগ্রোভ) এবং জাঙ্গল উদ্ভিদ।

  56. পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: জোজি লা, বানিহাল, খারদুং লা।

  57. ভারতের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? Madhyamik 2017 (দৃষ্টিহীন) & 2022

    উত্তর: উত্তরাখণ্ডের দেরাদুনে।

  58. ভারতের কোন্ রাজ্যে মরু-মৃত্তিকা দেখা যায়? Madhyamik 2017 (দৃষ্টিহীন)

    উত্তর: রাজস্থান।

  59. ভারতের একটি ব-দ্বীপ সমভূমি এবং একটি উপকূলীয় সমভূমির নাম লেখো। Madhyamik 2015 (দৃষ্টিহীন)

    উত্তর: ব-দ্বীপ সমভূমি: গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ; উপকূলীয় সমভূমি: করমণ্ডল উপকূল / মালাবার উপকূল।

  60. ভারতের দুটি পশ্চিমবাহিনী নদীর নাম উল্লেখ করো। Madhyamik 2015 (দৃষ্টিহীন)

    উত্তর: নর্মদা ও তাপ্তী।

  61. ভারতে দেখা যায় এমন দুটি স্থানীয় বায়ুর নাম লেখো। Madhyamik 2015 (দৃষ্টিহীন)

    উত্তর: লু এবং আঁধি।

Madhyamik রচনাধর্মী প্রশ্নাবলী

  1. ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাত ও পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো। Madhyamik 2025 (Sample)

    ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাব:

    • সময়কাল: মূলত বর্ষার শেষে (অক্টোবর-নভেম্বর) বঙ্গোপসাগর ও আরব সাগরে এই ঘূর্ণবাত (যেমন - আয়লা, আমফান, ফণী) সৃষ্টি হয়।
    • প্রভাব: এর প্রভাবে উপকূলীয় রাজ্যগুলিতে (পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু) প্রবল ঝড় (১২০-২০০ কিমি/ঘন্টা) ও ভারী বৃষ্টিপাত হয়, যা 'আশ্বিনের ঝড়' নামে পরিচিত। এর ফলে উপকূলে সমুদ্রের জল উঁচু হয়ে (জলোচ্ছ্বাস) প্লাবন ঘটায় এবং জনজীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়।

    পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব:

    • সময়কাল: প্রধানত শীতকালে (ডিসেম্বর-ফেব্রুয়ারি) ভূমধ্যসাগর থেকে এই দুর্বল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ভারতে প্রবেশ করে।
    • প্রভাব: এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে (পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়, যা রবিশস্য (বিশেষত গম) চাষের জন্য খুব উপকারী। উচ্চ পার্বত্য অঞ্চলে (জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ) তুষারপাত ঘটায়।
  2. ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বল্টন, সৃষ্টি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। Madhyamik 2025 (Sample) & 2019

    আঞ্চলিক বন্টন: ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিম অংশে (ডেকান ট্র্যাপ) এই মৃত্তিকা দেখা যায়। প্রধানত মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং কর্ণাটকের কিছু অংশে কৃষ্ণ মৃত্তিকা বিস্তৃত।

    সৃষ্টি: দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ অঞ্চলে ব্যাসল্ট নামক আগ্নেয়শিলা দীর্ঘকাল ধরে আবহবিকারের ফলে ক্ষয়প্রাপ্ত ও বিয়োজিত হয়ে এই উর্বর মৃত্তিকার সৃষ্টি হয়েছে।

    বৈশিষ্ট্য:

    • ১. বর্ণ: টাইটানিফেরাস ম্যাগনেটাইট নামক খনিজের উপস্থিতির জন্য এই মাটির রং কালো হয়।
    • ২. উর্বরতা ও ফসল: এই মাটি খুব উর্বর এবং কার্পাস (তুলা) চাষের জন্য বিখ্যাত, তাই একে 'ব্ল্যাক কটন সয়েল' (Black Cotton Soil) বলে। এছাড়া এখানে আখ, জোয়ার ইত্যাদিও চাষ হয়।
    • ৩. জলধারণ ক্ষমতা: কাদা ও পলি কণার ভাগ বেশি থাকায় এই মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি।
    • ৪. প্রকৃতি: ভিজে অবস্থায় এই মাটি খুব চটচটে হয়, কিন্তু শুকিয়ে গেলে ফেটে গিয়ে বড়ো বড়ো ফাটলের (চৌচির) সৃষ্টি হয়।
  3. মৃত্তিকা সংরক্ষণের যে কোন তিনটি পদ্ধতি উল্লেখ করো। Madhyamik 2024 & 2015

    মৃত্তিকা সংরক্ষণ বা ভূমিক্ষয় রোধের তিনটি প্রধান পদ্ধতি হলো:

    • ১. বনসৃজন ও বৃক্ষরোপণ: গাছপালার শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে মাটির ক্ষয় কম হয়। তাই অরণ্যচ্ছেদন বন্ধ করে পরিকল্পিতভাবে গাছ লাগানো (বনসৃজন) বা মরুভূমির প্রান্তে বৃক্ষরোপণ (Shelter Belt) মৃত্তিকা সংরক্ষণের শ্রেষ্ঠ উপায়।
    • ২. ধাপ চাষ ও ফালি চাষ:
      • ধাপ চাষ: পার্বত্য অঞ্চলে পাহাড়ের ঢালকে সিঁড়ির মতো ধাপে ধাপে কেটে কৃষি জমি তৈরি করলে জলপ্রবাহের গতি কমে যায় এবং মাটির ক্ষয় হ্রাস পায়।
      • ফালি চাষ: মৃদু ঢালু জমিতে আড়াআড়িভাবে এক ফালি চাষের জমির পর এক ফালি ঘাস বা অন্য শস্য চাষ করলে তা জল ও বায়ুর গতিতে বাধা দেয় এবং মাটির ক্ষয় রোধ করে।
    • ৩. ঝুম চাষ বন্ধ করা: ঝুম চাষ বা স্থানান্তর কৃষিতে অরণ্য পুড়িয়ে জমি তৈরি করা হয়, যা মাটির ব্যাপক ক্ষতি করে। এই প্রথা বন্ধ করে আদিবাসী মানুষদের স্থায়ী কৃষিকাজে উৎসাহিত করলে মৃত্তিকা সংরক্ষিত হয়।
  4. ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। Madhyamik 2024 & 2019

    ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য (জলবায়ুর প্রভাব):

    জলবায়ু: এই অরণ্যগুলি সেইসব অঞ্চলে দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত ২০০ সেমি-এর বেশি এবং গড় উষ্ণতা ২৫°C - ২৭°C থাকে (উষ্ণ ও আর্দ্র জলবায়ু)। যেমন - পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, আন্দামান-নিকোবর।
    বৈশিষ্ট্য (প্রভাব):

    • অধিক বৃষ্টিপাত ও উষ্ণতার কারণে গাছগুলি খুব লম্বা, ঘন ও পাতাগুলি চওড়া হয়।
    • সারা বছর ধরে বৃষ্টি হওয়ায় গাছগুলির পাতা ঝরানোর নির্দিষ্ট কোনো ঋতু নেই, তাই বনভূমি সর্বদা সবুজ (চিরহরিৎ) দেখায়।
    • প্রচুর লতাগুল্ম ও অর্কিড জন্মায়, যা বনভূমির তলদেশকে দুর্গম করে তোলে।

    ক্রান্তীয় মরু উদ্ভিদ (জলবায়ুর প্রভাব):

    জলবায়ু: এই উদ্ভিদগুলি সেইসব অঞ্চলে দেখা যায় যেখানে বার্ষিক বৃষ্টিপাত ২৫ সেমি-এর কম এবং উষ্ণতা খুব বেশি (চরমভাবাপন্ন জলবায়ু)। যেমন - রাজস্থানের থর মরুভূমি।
    বৈশিষ্ট্য (প্রভাব):

    • কম বৃষ্টি ও বাষ্পীভবন কমানোর জন্য গাছগুলির পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে (ফণীমনসা) বা পাতাগুলি খুব ছোট ও মোমযুক্ত (বাবলা) হয়।
    • গাছের কাণ্ডগুলি রসালো ও সবুজ হয় (যেমন - ক্যাকটাস), যা জল সঞ্চয় করে এবং সালোকসংশ্লেষে সাহায্য করে।
    • জলের সন্ধানে গাছগুলির শিকড় মাটির অনেক গভীরে চলে যায়।
  5. ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি পদ্ধতি আলোচনা করো। Madhyamik 2023 & 2018

    ভারতের অরণ্য বা বনভূমি সংরক্ষণের তিনটি প্রধান পদ্ধতি হলো:

    • ১. বনসৃজন (Afforestation): অরণ্য ধ্বংসের ফলে যে পরিমাণ ক্ষতি হয়, তা পূরণের জন্য সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে পতিত জমি, রাস্তার ধার বা নদীখাতে নতুন করে চারাগাছ লাগানো ও অরণ্য সৃষ্টি করাকে বনসৃজন বলে।
    • ২. সামাজিক বনসৃজন (Social Forestry): পরিবেশের উন্নতি, গ্রামীণ অর্থনীতি ও জ্বালানির চাহিদা মেটানোর উদ্দেশ্যে সমাজের সর্বস্তরের মানুষের সাহায্যে সরকারি বা পঞ্চায়েতের পতিত জমিতে যে বনসৃজন করা হয়, তাকে সামাজিক বনসৃজন বলে।
    • ৩. অরণ্যচ্ছেদন নিয়ন্ত্রণ ও আইন প্রণয়ন: বেআইনিভাবে গাছ কাটা (অরণ্যচ্ছেদন) কঠোরভাবে বন্ধ করতে হবে। প্রয়োজনে গাছ কাটলে তার বদলে নতুন চারাগাছ লাগানো বাধ্যতামূলক করা (পুনর্বনসৃজন) এবং বন সংরক্ষণ আইন (যেমন - Forest Conservation Act, 1980) কঠোরভাবে প্রয়োগ করা প্রয়োজন।
  6. উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। Madhyamik 2023 & 2019

    বিষয় উত্তর ভারতের নদনদী দক্ষিণ ভারতের নদনদী
    উৎস প্রধানত হিমালয় পর্বতের হিমবাহ (গঙ্গোত্রী, যমুনোত্রী) থেকে উৎপন্ন। প্রধানত মালভূমি বা পর্বত (পশ্চিমঘাট) থেকে উৎপন্ন।
    জলের প্রকৃতি বরফগলা জল ও বৃষ্টির জল—উভয় উৎস থেকে জল পাওয়ায় নদীগুলি চিরপ্রবাহী। কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভরশীল, তাই নদীগুলি অনিত্যপ্রবাহী (গ্রীষ্মে শুকিয়ে যায়)।
    অববাহিকা ও দৈর্ঘ্য নদীগুলি দীর্ঘ এবং বিস্তীর্ণ সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এদের অববাহিকা খুব বড়ো। নদীগুলি অপেক্ষাকৃত ছোটো এবং মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ায় অববাহিকা ছোটো ও সংকীর্ণ।
    নৌপরিবহন নিম্ন ও মধ্যগতিতে নদীগুলি সমভূমির উপর দিয়ে ধীরগতিতে চলায় নৌপরিবহনের উপযুক্ত (যেমন - গঙ্গা)। নদীগুলি মালভূমির উপর দিয়ে খরস্রোতা এবং জলপ্রপাতের (যেমন - যোগ) সৃষ্টি করায় নৌপরিবহনের অযোগ্য।
    ব-দ্বীপ অধিকাংশ নদীর মোহনায় বৃহৎ ব-দ্বীপ (যেমন - গঙ্গা-ব্রহ্মপুত্র) দেখা যায়। পূর্ববাহিনী নদীগুলি ব-দ্বীপ (কৃষ্ণা, গোদাবরী) গঠন করলেও পশ্চিমবাহিনী নদীগুলি (নর্মদা) খাঁড়ি গঠন করে।
  7. পূর্বঘাট ও পশ্চিমঘাটের পর্বতমালার মধ্যে তিনটি পার্থক্য লেখো। Madhyamik 2022

    বিষয় পশ্চিমঘাট পর্বতমালা (সহ্যাদ্রি) পূর্বঘাট পর্বতমালা (মলয়াদ্রি)
    অবস্থান দাক্ষিণাত্য মালভূমির পশ্চিমে, আরব সাগরের সমান্তরালে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির পূর্বে, বঙ্গোপসাগরের সমান্তরালে অবস্থিত।
    প্রকৃতি ও উচ্চতা এটি একটি অবিচ্ছিন্ন, খাড়া স্তূপ পর্বত। এর গড় উচ্চতা অনেক বেশি (৯০০-১৬০০ মি)। এটি বিভিন্ন নদী (গোদাবরী, কৃষ্ণা) দ্বারা ক্ষয়প্রাপ্ত ও বিচ্ছিন্ন একটি ক্ষয়জাত পর্বত। এর গড় উচ্চতা কম (৬০০ মি)।
    সর্বোচ্চ শৃঙ্গ এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি (২৬৯৫ মি) (মতান্তরে কলসুবাই)। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাডা (১৬৯০ মি)।
  8. ভারতের পশ্চিমবাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ব্যাখ্যা করো। Madhyamik 2022

    ভারতের পশ্চিমবাহিনী নদীগুলি (প্রধানত নর্মদা ও তাপ্তী) মোহনায় বদ্বীপ গঠন না করে খাঁড়ি (Estuary) গঠন করে। এর কারণগুলি হলো:

    • ১. খরস্রোতা প্রবাহ: নদীগুলি কঠিন শিলাগঠিত মালভূমির উপর দিয়ে এবং গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ায় এদের গতিবেগ খুব বেশি।
    • ২. পলির অভাব: কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীগুলি বেশি ক্ষয় করতে পারে না, ফলে এদের বাহিত পলির পরিমাণ খুব কম।
    • ৩. সংকীর্ণ মোহনা: পশ্চিম উপকূলভাগ খুব সংকীর্ণ এবং খাড়া, ফলে পলি সঞ্চয়ের জন্য উপযুক্ত স্থান বা অগভীর সমুদ্র এখানে নেই।
    • ৪. জোয়ারের প্রভাব: আরব সাগরের জোয়ারের জলের তীব্র টানে নদীর মুখে যা কিছু পলি জমা হয়, তা সমুদ্রে বাহিত হয়ে যায়।
  9. ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য নিরূপণ করো। Madhyamik 2022 & 2017

    বিষয় পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমি
    বিস্তার এই সমভূমি অপেক্ষাকৃত সংকীর্ণ বা অপ্রশস্ত। এই সমভূমি অপেক্ষাকৃত প্রশস্ত বা চওড়া।
    ব-দ্বীপ / খাঁড়ি নদীগুলি (নর্মদা, তাপ্তী) খরস্রোতা হওয়ায় বদ্বীপের বদলে খাঁড়ি গঠন করেছে। নদীগুলি (মহানদী, গোদাবরী, কৃষ্ণা) ধীরগতির হওয়ায় বৃহৎ ব-দ্বীপ গঠন করেছে।
    উপহ্রদ (লেগুন) মালাবার উপকূলে অসংখ্য উপহ্রদ দেখা যায়, যেগুলিকে কয়াল বলে (যেমন - ভেম্বানাদ)। করমণ্ডল উপকূলে উপহ্রদ দেখা যায় (যেমন - চিল্কা, পুলিকট)।
    প্রকৃতি এই উপকূলভাগ তুলনামূলকভাবে বেশি ভগ্ন ও খাড়া। এই উপকূলভাগ কম ভগ্ন এবং এর ঢাল মৃদু।
  10. ভারতীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বর্ণনা করো। Madhyamik 2022 & 2015

    ভারতের জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমী' প্রকৃতির। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:

    • ১. ঋতুভিত্তিক বিপরীতমুখী বায়ুপ্রবাহ: এটি প্রধান বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে সমুদ্র থেকে আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক উত্তর-পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়।
    • ২. ঋতুচক্র: বায়ুপ্রবাহের এই পরিবর্তনের ফলে ভারতে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত—এই চারটি প্রধান ঋতু স্পষ্টভাবে পরিলক্ষিত হয়।
    • ৩. বৃষ্টিপাতের অসম বন্টন: ভারতের সর্বত্র সমান বৃষ্টিপাত হয় না। মৌসুমী বায়ুর প্রভাবে মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত (১১,৮৭২ মিমি) হয়, আবার রাজস্থানের মরু অঞ্চলে প্রায় বৃষ্টিপাত হয়ই না (২৫ সেমি-এর কম)।
    • ৪. বৃষ্টিপাতের অনিশ্চয়তা: মৌসুমী বায়ু খামখেয়ালি প্রকৃতির। কখনও নির্দিষ্ট সময়ের আগে এসে বন্যা ঘটায়, আবার কখনও দেরিতে এসে খরা সৃষ্টি করে।
    • ৫. আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল: প্রধানত গ্রীষ্মকালেই (দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে) মোট বৃষ্টিপাতের ৯০% হয়। শীতকাল শুষ্ক থাকে (ব্যতিক্রম - করমণ্ডল উপকূল ও পশ্চিমী ঝঞ্ঝা)।
  11. ভারতের পলি মৃত্তিকা এবং কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। Madhyamik 2019

    পলি মৃত্তিকা (Alluvial Soil):

    অবস্থান: ভারতের বৃহত্তম মৃত্তিকা। উত্তর ভারতের বিস্তীর্ণ সমভূমি (সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্র) এবং উপকূলীয় সমভূমিতে দেখা যায়।

    বৈশিষ্ট্য:

    1. নদী বাহিত পলি, বালি, কাদা সঞ্চিত হয়ে এই মাটির সৃষ্টি হয়।
    2. এই মাটি খুব উর্বর। পটাস ও ফসফেটের পরিমাণ বেশি থাকলেও নাইট্রোজেন ও জৈব পদার্থের পরিমাণ কম থাকে।
    3. নবীন পলিমাটি (খাদার) ও প্রাচীন পলিমাটি (ভাঙ্গর) এই দুই ভাগে ভাগ করা যায়।
    4. ধান, গম, পাট, আখ, ডাল ইত্যাদি সব ধরনের ফসল চাষের জন্য আদর্শ।

    কৃষ্ণ মৃত্তিকা (Black Soil / Regur):

    অবস্থান: দাক্ষিণাত্যের ডেকান ট্র্যাপ অঞ্চলে (মহারাষ্ট্র, গুজরাট) এই মাটি দেখা যায়।

    বৈশিষ্ট্য:

    1. ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট এই মাটির রং কালো হয়।
    2. এই মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি।
    3. ভিজে অবস্থায় চটচটে এবং শুকিয়ে গেলে ফেটে চৌচির হয়ে যায়।
    4. কার্পাস বা তুলা চাষের জন্য শ্রেষ্ঠ, তাই একে 'ব্ল্যাক কটন সয়েল' বলে।
  12. ভারতের পশ্চিম হিমালয়ের ভূ-প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। Madhyamik 2018 & 2015

    জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্য নিয়ে গঠিত পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতিকে উত্তর থেকে দক্ষিণে তিনটি সমান্তরাল পর্বতশ্রেণি দ্বারা ভাগ করা যায়:

    ১. হিমাদ্রি (Greater Himalayas): এটি হিমালয়ের সবচেয়ে উত্তরের ও সর্বোচ্চ অংশ। এর গড় উচ্চতা ৬০০০ মিটারের বেশি। এখানকার প্রধান শৃঙ্গগুলি হলো নাঙ্গা পর্বত, নন্দাদেবী, কামেট। এই অংশে অনেক হিমবাহ (যেমন - গঙ্গোত্রী) ও গিরিপথ (যেমন - জোজি লা) রয়েছে।

    ২. হিমাচল (Lesser Himalayas): হিমাদ্রির দক্ষিণে অবস্থিত এই অংশের গড় উচ্চতা ৩০০০-৪৫০০ মিটার। এখানকার প্রধান পর্বতশ্রেণিগুলি হলো পিরপাঞ্জাল, ধৌলাধর। পিরপাঞ্জাল ও হিমাদ্রির মাঝে বিখ্যাত কাশ্মীর উপত্যকা (কারেওয়া মৃত্তিকা যুক্ত) অবস্থিত।

    ৩. শিবালিক (Outer Himalayas): হিমালয়ের দক্ষিণতম এবং সর্বনিম্ন অংশ এটি। এর গড় উচ্চতা ৬০০-১৫০০ মিটার। শিবালিক ও হিমাচলের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকাগুলিকে 'দুন' বলা হয় (যেমন - দেরাদুন)। এর পাদদেশে ভাবর ও তরাই সমভূমি রয়েছে।

    (এর বাইরে কারাকোরাম পর্বতশ্রেণি রয়েছে, যেখানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ K2 অবস্থিত।)

  13. মেঘালয় মালভূমির প্রধান তিনটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। Madhyamik 2015

    মেঘালয় মালভূমি প্রকৃতপক্ষে দাক্ষিণাত্য মালভূমিরই একটি বিচ্ছিন্ন অংশ (ছোটনাগপুর মালভূমি থেকে মালদা গ্যাপ দ্বারা বিচ্ছিন্ন)। এর প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:

    • ১. গঠন: এটি একটি প্রাচীন মালভূমি, যা প্রধানত গ্রানাইট ও নিস শিলা দ্বারা গঠিত।
    • ২. পাহাড়: এই মালভূমিটি পশ্চিম থেকে পূর্বে গারো, খাসি ও জয়ন্তিয়া—এই তিনটি প্রধান পাহাড় নিয়ে গঠিত।
    • ৩. সর্বোচ্চ শৃঙ্গ: খাসি পাহাড়ের শিলং শৃঙ্গ (১৯৬১ মিটার) হলো এই মালভূমির এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের সর্বোচ্চ অংশ। এই অঞ্চলের চেরাপুঞ্জি ও মৌসিনরাম সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান।
  14. ব্রহ্মপুত্র নদীর দুটি উপনদীর নাম লেখো। Madhyamik 2015

    উত্তর: ব্রহ্মপুত্র নদের দুটি প্রধান উপনদী হলো তিস্তা ও মানস (ডান তীরের) এবং লোহিত ও দিবং (বাম তীরের)।

  15. সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক সংক্ষেপে লেখো। Madhyamik 2015

    সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে:

    মৃত্তিকা: সুন্দরবনের মৃত্তিকা হলো উপকূলীয় লবণাক্ত পলিমাটি। সমুদ্রের জোয়ারের জল প্রতিদিন এই অঞ্চলকে প্লাবিত করায় মাটিতে লবণের (সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম) পরিমাণ খুব বেশি। মাটি সর্বদা আর্দ্র, কর্দমাক্ত এবং অক্সিজেনের অভাবযুক্ত হয়।

    উদ্ভিদ (সম্পর্ক):

    1. এই লবণাক্ত মাটিতে অভিযোজনের জন্য উদ্ভিদের (ম্যানগ্রোভ) 'শ্বাসমূল' বা 'নিউম্যাটোফোর' দেখা যায়, যা কর্দমাক্ত মাটির উপরে উঠে এসে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে।
    2. কর্দমাক্ত নরম মাটিতে গাছকে সোজাভাবে ধরে রাখার জন্য কাণ্ড থেকে 'ঠেস মূল' (Prop Root) বের হয় (যেমন - গরান)।
    3. লবণাক্ত পরিবেশে অঙ্কুরোদগমের সমস্যা এড়ানোর জন্য এই গাছে 'জরায়ুজ অঙ্কুরোদগম' (Viviparous Germination) দেখা যায়, অর্থাৎ ফল গাছে থাকাকালীনই বীজের অঙ্কুরোদগম ঘটে। (যেমন - সুন্দরী, গরাণ, গেঁওয়া)।
  16. উত্তর ভারতের নদীর দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। Madhyamik 2015

    উত্তর ভারতের নদীর (যেমন - গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র) দুটি প্রধান বৈশিষ্ট্য হলো:

    1. চিরপ্রবাহী: এই নদীগুলির উৎস হিমালয়ের হিমবাহ হওয়ায় এগুলি বরফগলা জল এবং বৃষ্টির জল—উভয় উৎস থেকেই জল পায়। তাই সারাবছর জলে পূর্ণ থাকে বা চিরপ্রবাহী হয়।
    2. দীর্ঘ ও নাব্য: নদীগুলি বিস্তীর্ণ সমভূমির উপর দিয়ে ধীরগতিতে প্রবাহিত হওয়ায় এরা খুব দীর্ঘ এবং এদের মধ্য ও নিম্নগতি নৌপরিবহনের (নাব্য) জন্য অত্যন্ত উপযুক্ত।